শুক্রবার

২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন বাধা উপেক্ষা করে নিরাপদে বন্দরে ইরানি জাহাজ, উত্তেজনা বাড়ছে হরমুজে

🕙 প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬ । ৭:১২ পূর্বাহ্ণ

ওমান সাগরে যুক্তরাষ্ট্রের জব্দ করার চেষ্টা ব্যর্থ করে হরমুজ প্রণালি অতিক্রম করে নিরাপদে গন্তব্যে পৌঁছেছে ইরানের একটি চালবাহী পণ্যবাহী জাহাজ। জাহাজটির নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সরাসরি পাহারায় ছিল ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ ইউনিট।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও আধা-সরকারি ফারস নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। আইআরজিসি জানিয়েছে, ওমান সাগরে মার্কিন নৌবাহিনী জাহাজটিকে থামিয়ে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালায়। তবে ইরানি বাহিনীর দ্রুত হস্তক্ষেপ ও কড়া নিরাপত্তা ব্যবস্থার কারণে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।

পরবর্তীতে জাহাজটি অবরোধ পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালি পেরিয়ে নির্ধারিত বন্দরে নোঙর করে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ঘটনাটিকে মধ্যপ্রাচ্যের জলসীমায় চলমান উত্তেজনার অংশ হিসেবে দেখছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানমুখী সমুদ্রপথে পণ্য পরিবহনে অবরোধ আরোপের আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগরীয় অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি জোরদার করা হয়েছে। বর্তমানে ওই অঞ্চলে দুটি বিমানবাহী রণতরীসহ অন্তত ২৬টি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে।

সেন্টকম আরও জানিয়েছে, ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’ নামের আরেকটি বিমানবাহী রণতরী ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করে দায়িত্বপূর্ণ এলাকায় প্রবেশ করেছে।

বিশ্লেষকরা বলছেন, চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আইআরজিসি’র এই পদক্ষেপ ইরানের সমুদ্রসীমা ও বাণিজ্যিক স্বার্থ রক্ষায় কঠোর অবস্থানের ইঙ্গিত বহন করে। উল্লেখ্য, ১৩ এপ্রিল থেকে শুরু হওয়া এই অবরোধ পরিস্থিতির জেরে গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলোতে সামরিক উপস্থিতি ও মুখোমুখি অবস্থানের ঘটনা ক্রমেই বাড়ছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ