বৃহস্পতিবার

২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে টোল থেকে প্রথম রাজস্ব আয়ের দাবি ইরানের

🕙 প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬ । ১২:৪৭ অপরাহ্ণ

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর আরোপিত টোল থেকে প্রথমবারের মতো রাজস্ব আয় হয়েছে বলে দাবি করেছে ইরান। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদরেজা হাজিবাবাই রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে এ তথ্য জানান।

তিনি বলেন, হরমুজ প্রণালিতে আরোপিত টোল থেকে প্রাপ্ত প্রথম অর্থ ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে জমা হয়েছে। তবে কীভাবে এই অর্থ আদায় করা হয়েছে বা কোন দেশ কিংবা জাহাজ থেকে তা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরানের এ দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালিটি এখন উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে ইরান সীমিত সংখ্যক জাহাজকে এই পথ দিয়ে চলাচলের অনুমতি দিচ্ছে।

স্বাভাবিক সময়ে বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে হয়ে থাকে। এছাড়া আন্তর্জাতিক বাণিজ্যের জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ রুট।

এর আগে ইরানের পার্লামেন্ট এই প্রণালিতে টোল আরোপের বিষয়ে আলোচনা করে এবং গত ৩০ মার্চ দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, পার্লামেন্টের নিরাপত্তা কমিশন এ পরিকল্পনা অনুমোদন করেছে। তবে এ বিষয়ে পূর্ণাঙ্গ সংসদীয় অনুমোদন হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার জন্য চাপ প্রয়োগ করছেন। একই সঙ্গে যুক্তরাজ্য, ফ্রান্সসহ ৩০টির বেশি দেশের সামরিক পরিকল্পনাবিদরা এই জলপথে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ