বৃহস্পতিবার

২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজেল সংকটে সেচ ব্যাহত, শীষ বের হওয়া ধানে দুশ্চিন্তায় লৌহজংয়ের কৃষক

🕙 প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬ । ১২:২৮ অপরাহ্ণ

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় চলতি ইরি-বোরো মৌসুমে জ্বালানি তেলের তীব্র সংকটে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। পর্যাপ্ত ডিজেল না পাওয়ায় উপজেলার ৩৮৫টি সেচ পাম্প চালানো নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। সময়মতো জমিতে পানি দিতে না পারায় কাঙ্ক্ষিত ফলন নিয়ে শঙ্কায় রয়েছেন হাজারো চাষি।

এদিকে উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে ধানের শীষ বের হতে শুরু করেছে। এই গুরুত্বপূর্ণ সময়ে সেচ না দিতে পারলে ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছেন কৃষকরা।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, চলতি মৌসুমে ৩ হাজার ১৬৫ হেক্টর জমিতে ইরি-বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলার ৪৪৯টি সেচ পাম্পের মধ্যে ৩৮৫টিই ডিজেলচালিত। তবে স্থানীয় ফিলিং স্টেশনগুলোতে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় কৃষকদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও তেল মিলছে না। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দামে ডিজেল বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন এলাকায় ধানের শীষ বের হলেও সেচ দিতে না পারায় কৃষকরা উদ্বিগ্ন। বনসেমন্ত গ্রামের কৃষক হিরন হাওলাদার জানান, ৬০ শতক জমিতে আবাদ করেছেন তিনি। তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মাত্র ৫ লিটার ডিজেল ৬০০ টাকায় কিনতে হয়েছে। একই অভিযোগ করেন হাড়িদিয়া গ্রামের নুরু মিস্ত্রি ও পালগাঁও গ্রামের রতন শিকদার।

বৃহস্পতিবার দুপুরে কলিকাতা ভোগদিয়া এলাকার একটি ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, ডিজেল নিতে কৃষকদের দীর্ঘ লাইন। কৃষকদের অভিযোগ, পাম্পে তেল মজুত থাকা সত্ত্বেও তাদের না দিয়ে রাতে কালোবাজারে বিক্রি করা হচ্ছে। এ সময় পাম্প কর্তৃপক্ষের অসদাচরণের অভিযোগও ওঠে।

খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ দৌলা ঘটনাস্থলে গিয়ে মজুত ডিজেল থেকে কৃষকদের মাঝে সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে এসে দেখা গেছে তেল রয়েছে। রেশনিং পদ্ধতিতে কৃষকদের অগ্রাধিকার দিয়ে বিতরণ করা হবে। আগামী ২-৩ দিনের মধ্যে কৃষকদের জন্য ডিজেল ক্রয়ের প্রত্যয়নপত্রও দেওয়া হবে।

স্থানীয় কৃষকদের আশঙ্কা, দ্রুত ডিজেল সরবরাহ স্বাভাবিক না হলে চলতি মৌসুমে বোরো ধানের উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ