বৃহস্পতিবার

২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিলে যাচ্ছেন মনিরা শারমিন

🕙 প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬ । ১২:১১ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন এনসিপি নেত্রী মনিরা শারমিন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

নির্বাচন কমিশন জানিয়েছে, সরকারি চাকরি থেকে অব্যাহতির পর নির্ধারিত তিন বছর পূর্ণ না হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী এ শর্ত পূরণ না করলে নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা থাকে না।

শুনানিতে উঠে আসে, মনিরা শারমিন পূর্বে একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তিনি ২০২৩ সালের নভেম্বরে কৃষি ব্যাংকে যোগ দেন এবং ২০২৫ সালের ডিসেম্বরে চাকরি ছাড়েন। ফলে আইনি শর্ত অনুযায়ী তিন বছর পূর্ণ না হওয়ায় তার প্রার্থিতা বাতিল করা হয়।

তবে এ সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করে মনিরা শারমিন দাবি করেন, তার চাকরির ধরন অনুযায়ী এ বিধান প্রযোজ্য হওয়া উচিত নয়। বিশেষ করে দশম গ্রেডের একজন কর্মকর্তা হিসেবে ব্যাংকের চাকরির ক্ষেত্রে আইনের প্রয়োগ ভিন্নভাবে বিবেচনা করা প্রয়োজন বলে তিনি মনে করেন। এ কারণেই তিনি আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে একই জোটের আরেক প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্রও নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে জমা দেওয়ায় বাতিল করা হয়েছে।

সংরক্ষিত নারী আসনের জন্য মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে একজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল পর্যন্ত। আপিল শুনানি অনুষ্ঠিত হবে ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ