পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ চত্বরে ছাত্রদল ও ছাত্রশিবিরের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ এবং কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
সংঘর্ষ চলাকালে কলেজ গেটের সামনে থাকা ছাত্রদলের একটি অস্থায়ী কার্যালয় ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য আতঙ্ক সৃষ্টি হয়।
ঈশ্বরদী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজিব হাসান দাবি করেন, তাদের পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচি ছিল এবং সে বিষয়ে কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসনকে অবহিত করা হয়েছিল। তিনি বলেন, মিছিল নিয়ে কলেজ গেটের সামনে পৌঁছানোর পর ছাত্রদলের নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। এরপর উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে ছাত্রদলের কার্যালয় ভাঙচুরে তাদের সংগঠনের কেউ জড়িত কি না, তা তিনি নিশ্চিত নন।
অন্যদিকে, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইমরান হোসেন খান অভিযোগ করে বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন। এ সময় ১০০-১৫০ জন শিবির কর্মী বহিরাগতদের নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে এবং তাদের ওপর হামলা চালায়। তার দাবি, শিবির কর্মীরাই ছাত্রদলের অস্থায়ী কার্যালয় ভাঙচুর করেছে।
আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আফজাল হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয় পক্ষ ক্যাম্পাস ত্যাগ করেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

