সোমবার

২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ন্যায়বিচার নিশ্চিত করতে দরকার ন্যায়পরায়ণ বিচারক: প্রধানমন্ত্রী

🕙 প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬ । ১০:৩৭ পূর্বাহ্ণ

রাষ্ট্র ও সমাজে কেবল আইনের শাসন প্রতিষ্ঠা যথেষ্ট নয়, প্রকৃত ন্যায়বিচার নিশ্চিত করাই হওয়া উচিত প্রধান লক্ষ্য—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) দুপুরে বগুড়া জেলা আদালতে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আদালত থেকে জামিন পাওয়ার পরও দাপ্তরিক জটিলতার কারণে কারামুক্তিতে বিলম্ব হওয়া ন্যায়বিচারের পরিপন্থী। তিনি প্রশ্ন তুলে বলেন, জামিনের পর বিভিন্ন দপ্তর ঘুরে জামিননামা হাতে পেতে কয়েকদিন সময় লাগলে তা আইনের শাসন হলেও প্রকৃত ন্যায়বিচার নিশ্চিত হয় কি না, তা ভাবার বিষয়।

তিনি আরও বলেন, অতীতে আইনের অপব্যবহারের মাধ্যমে ভিন্নমত দমনের ঘটনা ঘটেছে, যা কখনোই ন্যায়বিচার ছিল না। ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য বিচারকদের ন্যায়পরায়ণ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে এবং জামিন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে ‘ই-বেইলবন্ড’ বা ইলেকট্রনিক জামিননামা ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। এর আওতায় বিচারকরা অনলাইনের মাধ্যমে সরাসরি কারা প্রশাসনের কাছে জামিন আদেশ পাঠাতে পারবেন, ফলে দ্রুত কারামুক্তি সম্ভব হবে।

তিনি বলেন, এই উদ্যোগ বিচার ব্যবস্থায় হয়রানি ও দুর্নীতি কমাতে সহায়ক হবে। ইতোমধ্যে বগুড়া ছাড়াও ঝিনাইদহ, যশোর, মাগুরা, রাজশাহী, নাটোর ও কুষ্টিয়ায় এ কার্যক্রম চালু হয়েছে।

বিচার বিভাগকে আরও আধুনিক করার পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ই-বেইলবন্ড সিস্টেমকে পুলিশের ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস), আদালতের কেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং জাতীয় পরিচয়পত্র যাচাইকরণ ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বিচার ব্যবস্থার পুরো প্রক্রিয়াকে ধীরে ধীরে ডিজিটালাইজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ