ময়মনসিংহের তারাকান্দায় একই স্থানে বিএনপির দুই পক্ষের পৃথক বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। রোববার (১০ এপ্রিল) দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত তারাকান্দা বাজার ও আশপাশ এলাকায় এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
জারিকৃত আদেশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারাকান্দা বাসস্ট্যান্ডসহ আশপাশ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত এবং মাইক ব্যবহার নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র—যেমন দা, হাঁসুয়া ও লাঠিসোঁটা বহনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা যুবদল নেতা রিয়াদ আহামেদের ওপর হামলার প্রতিবাদে রোববার বিকেল ৩টায় তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ ও সমাবেশের ঘোষণা দেন ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিল গ্রুপের অনুসারীরা। একই সময়ে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের অনুসারীরাও ওই স্থানে পৃথক কর্মসূচি আহ্বান করেন। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়। ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, একই স্থানে দুই পক্ষের কর্মসূচি ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

