রবিবার

১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাসে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলবে প্রতিদিন ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

🕙 প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬ । ১১:২৬ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ ‘তিতাস-৩১’-এর খনন কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, খনন শেষে এই কূপ থেকে প্রতিদিন প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হবে।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান।

জানা গেছে, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) পরিচালিত তিতাস গ্যাস ফিল্ডের ২২টি উৎপাদনশীল কূপ থেকে বর্তমানে প্রতিদিন প্রায় ৩২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। তবে দীর্ঘদিন ধরে উত্তোলনের কারণে এই প্রাচীন গ্যাস ফিল্ডের কূপগুলোর মজুত ও চাপ কমে যাওয়ায় উৎপাদন হ্রাস পেয়েছে।

এ পরিস্থিতিতে নতুন গ্যাসের উৎস খুঁজতে বিজিএফসিএল ‘থ্রিডি সাইসমিক জরিপ প্রকল্প’ হাতে নেয়। এর আওতায় তিতাস ও বাখরাবাদ ফিল্ডে দুটি গভীর অনুসন্ধান কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রায় ৫ হাজার ৬০০ মিটার গভীরতায় তিতাস-৩১ কূপটি খননে সময় লাগবে প্রায় সাত মাস। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিসিডিসি এই খনন কাজ পরিচালনা করছে। কাজ শেষে এখান থেকে দৈনিক প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জলিল প্রামাণিক জানান, তিতাসসহ অন্যান্য গ্যাস ফিল্ডে উৎপাদন বাড়াতে নতুন কূপ খনন ও পুরনো কূপের ওয়ার্কওভার প্রকল্প নেওয়া হয়েছে। তিতাস ও বাখরাবাদে গভীর অনুসন্ধান কূপ দুটি সফল হলে তা জ্বালানি খাতের জন্য মাইলফলক হয়ে উঠবে এবং গ্যাস সংকট অনেকটাই কমে আসবে।

পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চলতি বছরের মধ্যে ৫০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে দেশীয় জ্বালানির উৎস অনুসন্ধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিতাসের এই গভীর অনুসন্ধান কূপ সফল হলে জ্বালানি সংকট অনেকটাই কাটবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএফসিএলের কোম্পানি সচিব মোজাহার আলী, প্রকল্প পরিচালক মো. মাহমুদুল নবাবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ