শনিবার

১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়কে ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে ব্যাংক কর্মকর্তা নিহত, আহত আরও একজন

🕙 প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬ । ১২:৪১ অপরাহ্ণ

পটুয়াখালীর গলাচিপায় সড়কে পড়ে থাকা বৈদ্যুতিক খুঁটির ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আসাদ উজ্জামান (৪৪) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের বৌবাজার এলাকায় গলাচিপা–বদনাতলী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসাদ উজ্জামান উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামের মো. ফজলুর রহমানের ছেলে। তিনি চরবিশ্বাস ইউনিয়নের গ্রামীণ ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। আহত ব্যক্তি মোহাম্মদ আব্দুল গাজী, যিনি একই শাখার সেকেন্ড ম্যানেজার।

আহত আব্দুল গাজী জানান, সকালে তারা মোটরসাইকেলে গলাচিপা থেকে চরবিশ্বাসের দিকে যাচ্ছিলেন। পথে বৌবাজার এলাকায় পৌঁছালে সড়কে ছেঁড়া বিদ্যুতের তার আসাদ উজ্জামানের শরীরে লেগে যায়। এতে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন এবং মোটরসাইকেল থেকে পড়ে যান। একই সঙ্গে তিনিও আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসাদ উজ্জামানকে মৃত ঘোষণা করেন।

গলাচিপা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (কম) মো. তোফায়েল জানান, সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বর্তমানে লাইন মেরামতের কাজ চলছে।

গলাচিপা থানার ওসি মো. জিল্লুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ