শনিবার

১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে অবৈধ ডিজেল মজুদ: মেঘনা পেট্রোলিয়ামের গাড়িসহ ৪ জন গ্রেপ্তার

🕙 প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৬ । ১০:৩৫ পূর্বাহ্ণ

নোয়াখালীর সদর উপজেলায় অবৈধভাবে মজুদ করা ১,৪০০ লিটার ডিজেল জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি মেঘনা পেট্রোলিয়ামের একটি ভাউচার গাড়িও জব্দ করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত প্রায় পৌনে ১২টার দিকে সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাট দক্ষিণ বাজারে অভিযান চালিয়ে এসব ডিজেল জব্দ করা হয়। এ সময় অবৈধভাবে ডিজেল মজুদ ও বিক্রির অভিযোগে চারজনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. রাশেদ (৩৮), গাড়িচালক মো. নাছির উদ্দিন (৪৭), মো. শিহাব উদ্দিন (২২) ও মো. মাকসুদ (৩২)। তারা সবাই সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের এসআই মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি দল রাতে খলিফার হাট এলাকায় অবস্থান করছিল। রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উদয় সাধুর হাট দক্ষিণ বাজারের একটি দোকানে বেশি দামে অবৈধভাবে ডিজেল মজুদ করা হচ্ছে। পরে সেখানে অভিযান চালিয়ে ১,৪০০ লিটার ডিজেল ও একটি লাল রঙের ভাউচার গাড়ি জব্দ করা হয়।

জেলা ডিবি পুলিশের ওসি মো. মহিনউদ্দিন জানান, এ ঘটনায় সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। জব্দ হওয়া ডিজেল ও মেঘনা পেট্রোলিয়ামের গাড়ির উৎস সম্পর্কে তদন্ত চলছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ