বাংলাদেশকে মাদক ও মানবপাচারমুক্ত করতে খুব শিগগিরই দেশজুড়ে বিশেষ অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে কক্সবাজারের টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ নিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্যে সমন্বিতভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মাঠে নামানো হবে এবং বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জুয়া ও অনলাইন জুয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ ধরনের কার্যক্রম বর্তমানে বড় সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। বিষয়টি মোকাবিলায় সরকার গবেষণা করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানবপাচার প্রসঙ্গে তিনি বলেন, দেশের কিছু অঞ্চলে—বিশেষ করে টেকনাফ, উখিয়া ও কক্সবাজার এলাকায়—এ সমস্যা প্রকট আকার ধারণ করেছে। ইতোমধ্যে মানবপাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব পয়েন্টে কঠোর নজরদারি ও সুসংগঠিত অভিযান পরিচালনার মাধ্যমে এ অপরাধ দমন করা হবে।
তিনি আরও বলেন, সরকার মানবপাচার বন্ধে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জনগণকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, জনসাধারণের সহযোগিতা ছাড়া এ ধরনের অপরাধ দমন করা কঠিন। কোথাও অপরাধ সংঘটিত হলে তথ্য দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে ১ হাজার ৬৯৮ জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়।
মাদক ও মানবপাচার রোধে দেশব্যাপী বিশেষ অভিযান শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী
🕙 প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৬ । ১০:২৫ পূর্বাহ্ণ

