রাজধানীর বেইলি রোডে মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে পরিবারসহ মঞ্চনাটক উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে তিনি সেখানে উপস্থিত হয়ে শিশুতোষ নাটক কবি চিতাবাঘ উপভোগ করেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
মিলনায়তনে অবস্থানকালে আতিকুর রহমান জানান, সন্ধ্যা সাতটার দিকে প্রধানমন্ত্রী পরিবারসহ সেখানে পৌঁছান এবং নাটক উপভোগ করেন। হঠাৎ প্রধানমন্ত্রীর আগমনের খবরে উপস্থিত শিশু দর্শক ও অভিভাবকদের মধ্যে ভিন্নধর্মী উচ্ছ্বাসের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের কাছ থেকে দেখে অনেকেই আনন্দ প্রকাশ করেন। পরে প্রধানমন্ত্রী পরিবারসহ মঞ্চে উঠলে পুরো মিলনায়তনে করতালির মাধ্যমে তাঁদের স্বাগত জানানো হয়।
অতিরিক্ত প্রেস সচিব আরও বলেন, বিনোদনের উদ্দেশ্যে নয়, মূলত শিশুশিল্পীদের উৎসাহ দিতেই প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত হন। এ সময় তিনি শিশুশিল্পীদের সঙ্গে ফটোসেশনেও অংশ নেন।
উল্লেখ্য, এর আগে ৩ এপ্রিল প্রধানমন্ত্রী মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাজধানীর ধানমন্ডির জিগাতলায় একটি সিনেমা হলে গিয়ে চলচ্চিত্র উপভোগ করেন।

