জ্বালানি সংকট মোকাবিলায় সন্ধ্যা ৬টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত আপাতত বহাল রাখা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (৪ এপ্রিল) রাজধানীর বিদ্যুৎ ভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহে যে চাপ তৈরি হয়েছে, তা সামাল দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত এই সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই বলেও জানান তিনি।
মন্ত্রী ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতীয় স্বার্থে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার ঘোষিত এই সিদ্ধান্ত মেনে চলা জরুরি।
বৈঠক শেষে দোকান ও শপিংমল মালিক সমিতির নেতারা জানান, তারা সরকারের সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। বর্তমান পরিস্থিতি বিবেচনায় সন্ধ্যা ৬টার মধ্যে দোকান বন্ধ রাখার নির্দেশনা মেনে নেওয়ার কথা জানিয়েছেন তারা। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে সময়সীমা পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীরা।
এর আগে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার অফিস সময়সূচি ও বাজার বন্ধের সময় নির্ধারণ করে দেয়। সেই নির্দেশনা অনুযায়ী, সন্ধ্যা ৬টার পর সব ধরনের শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
এ নির্দেশনা কার্যকর করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি চালানো হবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

