শনিবার

৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

পাথরঘাটায় বেওয়ারিশ কুকুরের তাণ্ডব, একদিনে অন্তত ২৫ জন আহত

🕙 প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২৬ । ১:২০ অপরাহ্ণ

বরগুনার পাথরঘাটা উপজেলায় বেওয়ারিশ কুকুরের হামলায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পদ্মা ও হাড়িটানা গ্রামে এ ঘটনা ঘটে, যা এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করেছে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, পদ্মা গ্রামে ১২ জন এবং হাড়িটানা গ্রামে ১৩ জনকে কামড় দেয় একটি সাদা-কালো বেওয়ারিশ কুকুর। পরে কুকুরটি পাশের গ্রামে চলে যায়। সন্ধ্যা ৭টা পর্যন্ত কুকুরটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।

আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ বাড়িতে রয়েছেন।

বরগুনা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাখাল বিশ্বাস জানান, কুকুরের কামড়ে আহত হয়ে অন্তত ২৫ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০টা থেকে একটি বেওয়ারিশ কুকুর পাথরঘাটার সদর ইউনিয়নের পদ্মা, রুহিতা ও হাড়িটানা গ্রামে ঘুরে বেড়িয়ে মানুষের ওপর আক্রমণ চালায়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ আহত হন।

পদ্মা গ্রামের বাসিন্দা হিরু জমাদ্দার বলেন, “আমাদের পরিবারের তিনজনকে কামড় দিয়ে কুকুরটি পাশের গ্রামে চলে গেছে। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।”

হাড়িটানা গ্রামের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ সাহিন জানান, তার চাচা আবুল কালামকে আক্রমণ করে কুকুরটি গালের মাংস ছিঁড়ে নেয়। গুরুতর অবস্থায় তাকে বরিশালে পাঠানো হয়েছে।

পাথরঘাটা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অরবিন্দ দাস বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী কুকুর নিধন শাস্তিযোগ্য অপরাধ। তাই কুকুর নিয়ন্ত্রণে টিকাদানসহ মানবিক পদ্ধতি গ্রহণ করা জরুরি। এ বিষয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল জানান, পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে জলাতঙ্কের টিকা সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ