বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ বলার অভিযোগে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে মানহানির মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে তাকে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হুমায়ন কবির কর্নেল বাদী হয়ে সিরাজগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের চৌহালী আমলি আদালতে মামলাটি দায়ের করেন।
আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমন ভূঁইয়া অভিযোগ আমলে নিয়ে এমপি আমির হামজাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী ও সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাকিল শরিফুল হায়দার রফিক সরকার জানান, ইকবাল হাসান মাহমুদ টুকু একজন ধর্মপ্রাণ ব্যক্তি এবং তিনি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত। তার বিরুদ্ধে ‘নাস্তিক’ মন্তব্য করা আইন ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অবমাননাকর। এ কারণে দণ্ডবিধির ২৯৬/৫০০/৫০৪ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
এর আগে একই ঘটনায় গত সোমবার সিরাজগঞ্জে আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার আরেকটি মানহানির মামলা দায়ের করা হয়েছিল।

