বৃহস্পতিবার

২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বৈঠকের পর স্বস্তি, সিলেটে পাম্প মালিকদের ধর্মঘট প্রত্যাহার

🕙 প্রকাশিত : ২ এপ্রিল, ২০২৬ । ৯:২৭ পূর্বাহ্ণ

সিলেট বিভাগে টানা ১৪ ঘণ্টা ধরে চলা পেট্রোল পাম্প মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট অবশেষে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় শাখা এ ঘোষণা দেয়।

এর আগে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পাম্প মালিক নেতাদের প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষ নিজেদের অবস্থান ও দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সংকট নিরসনে একমত হওয়ায় ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে হয়রানির অভিযোগ তুলে বুধবার রাত থেকে ধর্মঘট শুরু করেন পাম্প মালিকরা। ধর্মঘট চলাকালে সিলেট বিভাগের হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জে সাধারণ মানুষ ও যানবাহন চালকেরা চরম ভোগান্তির শিকার হন। অনেক পাম্পে জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন ও যানজট সৃষ্টি হয়।

বিশেষ করে সুনামগঞ্জ ও মৌলভীবাজারে তেল না পেয়ে ক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল না পেয়ে চালকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়।

জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে পাম্প মালিকরা তাদের সমস্যার কথা তুলে ধরলে প্রশাসন সেগুলো বিবেচনার আশ্বাস দেয়। সংগঠনের নেতারা জানান, জনদুর্ভোগের কথা বিবেচনা করে এবং ফলপ্রসূ আলোচনার প্রেক্ষাপটে কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।

দুপুর ২টার পর থেকে সিলেটের পাম্পগুলোতে পুনরায় তেল বিক্রি শুরু হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। পাশাপাশি ক্রেতাদের অপ্রয়োজনীয় আতঙ্কে তেল মজুত না করার আহ্বান জানানো হয়েছে।

প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে ধর্মঘট প্রত্যাহার হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে। তবে দাবি পূরণ না হলে ভবিষ্যতে আবারও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন পাম্প মালিকরা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ