সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন করে কঠোর নির্দেশনা জারি করেছে সরকার। প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিস কক্ষে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোসা. তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা জানানো হয়। এতে জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের পূর্বের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
নোটিশে বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময় সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ অফিস কক্ষে উপস্থিত থাকা নিশ্চিত করতে হবে। দাপ্তরিক কার্যক্রম এমনভাবে নির্ধারণ করতে হবে, যাতে এই সময়সীমা বিঘ্নিত না হয়। যদিও এ নির্দেশনা আগে থেকেই রয়েছে, তবে এর বাস্তবায়নে ব্যত্যয় দেখা যাচ্ছে বলেও উল্লেখ করা হয়।
এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতির ব্যবহার কমাতে হবে এবং জানালা-দরজা খোলা রেখে আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালে প্রয়োজন ছাড়া অতিরিক্ত লাইট, ফ্যান বা অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে।
এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখার কথা বলা হয়েছে। অফিস কক্ষ ত্যাগের সময় লাইট, ফ্যান, এসিসহ সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখতে হবে। একইসঙ্গে করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় আলো ব্যবহার থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
অফিস শেষে সব ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি—যেমন কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ইত্যাদি—বন্ধ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। সরকারি অনুমতি ছাড়া আলোকসজ্জা না করা এবং জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এছাড়া অফিস কক্ষ, করিডোর, টয়লেট ও সিঁড়িসহ সব জায়গা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালন ও মনিটরিংয়ের জন্য প্রতিটি দপ্তর, সংস্থা ও কার্যালয়ে ভিজিল্যান্স টিম গঠনের কথাও বলা হয়েছে।

