দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি পদক্ষেপ নিয়েছে সরকার। আগামী রোববার (৫ এপ্রিল) থেকে সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের প্রকোপ বেশি এমন উপজেলাগুলোতে আগামী দুই দিনের মধ্যে টিকা সরবরাহ নিশ্চিত করা হবে এবং রোববার সকাল থেকেই এই জরুরি টিকাদান কার্যক্রম শুরু হবে।
তিনি আরও জানান, কর্মসূচি বাস্তবায়নে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। ঝুঁকিপূর্ণ শিশুদের দ্রুত টিকার আওতায় আনতে স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে এবং সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউনিসেফ থেকে প্রায় দুই কোটি ডোজ টিকা পাওয়া গেছে। ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে।

