সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মানিকগঞ্জে জাতীয় মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (০১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা (মিরপুর)-উথুলী-পাটুরিয়া জাতীয় মহাসড়ক (এন-৫)-এর ৫৭তম কিলোমিটার এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বাস্তবায়নে এ কর্মসূচির উদ্বোধন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বিপিএম, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহারিয়ার আলম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মহরম আলীসহ সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন কর্মকর্তা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সড়কের সৌন্দর্য বৃদ্ধিতে এই বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।
কর্মসূচির অংশ হিসেবে মহাসড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।

