বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে টেলিযোগাযোগ ও স্যাটেলাইট খাতে সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে।
বৈঠকে উভয় দেশের টেলিযোগাযোগ ও স্যাটেলাইট খাতের উন্নয়ন, চলমান প্রকল্পগুলোর অগ্রগতি এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মন্ত্রী ফকির মাহবুব আনাম বর্তমান স্যাটেলাইট সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তবে সেবার ধারাবাহিকতা বজায় রাখতে বিদ্যমান চুক্তির মেয়াদ শেষে দ্রুত নবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি বলেন, টেলিযোগাযোগ খাতে নিজস্ব সক্ষমতা বৃদ্ধি এবং কৌশলগত স্বায়ত্তশাসন নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।
ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সহযোগিতামূলক সম্পর্কের প্রশংসা করে জানান, ফ্রান্স এ সম্পর্ককে আরও বিস্তৃত করতে আগ্রহী। বিশেষ করে স্যাটেলাইট খাতে কারিগরি সহায়তা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ আরও উপকৃত হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
বৈঠকে জানানো হয়, স্যাটেলাইট সেবা সংক্রান্ত চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা চলমান রয়েছে এবং উভয় পক্ষই দ্রুত ইতিবাচক সমাধানে পৌঁছানোর আশা প্রকাশ করেছে।
এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এবং ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি)-এর কান্ট্রি ডাইরেক্টর সিনথিয়া মেলাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

