সোমবার

৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

জ্বালানিতে অনিয়ম ঠেকাতে ফেনীর ফিলিং স্টেশনে ২৮ ট্যাগ অফিসার নিয়োগ

🕙 প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬ । ৭:২২ পূর্বাহ্ণ

জ্বালানি সরবরাহ, মজুদ ও বিক্রয় কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং অবৈধ পাচার ও চোরাচালান প্রতিরোধে ফেনী জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে ২৮ জন ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনার আলোকে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে স্থানীয় বাজার স্থিতিশীল রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

রোববার (২৯ মার্চ) রাতে জেলা প্রশাসক মনিরা হকের স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, জেলার প্রতিটি ফিলিং স্টেশনের তেল মজুদ, সরবরাহ ও বিক্রয় কার্যক্রম নিয়মিত তদারকির জন্য বিভিন্ন সরকারি কর্মকর্তাকে নির্দিষ্ট পাম্পে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, ফেনী সদরসহ জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে এসব কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। তারা সংশ্লিষ্ট স্টেশনের দৈনিক মজুদ, সরবরাহ ও বিক্রয়ের হিসাব তদারকি করবেন।

ট্যাগ অফিসারদের জন্য নির্দিষ্ট কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—দৈনিক মজুদ রেজিস্টার সংরক্ষণ ও যাচাই, ডিপো থেকে সরবরাহকৃত তেলের সঠিক হিসাব মিলানো, ডিপস্টিক বা ডিপরডের মাধ্যমে তেল গ্রহণ নিশ্চিত করা, মিটার রিডিং ও বিক্রয় পর্যবেক্ষণ এবং প্রতিদিন অন্তত তিনবার তদারকি করা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এ উদ্যোগের মাধ্যমে জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ভোক্তা পর্যায়ে ন্যায্য সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ