রবিবার

২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতালের জরুরি সেবায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে বাড়তি জ্বালানি চাওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

🕙 প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬ । ১০:৫০ পূর্বাহ্ণ

দেশের হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসাসেবা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে বাড়তি জ্বালানি চাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (২৮ মার্চ) রাজধানীর শাহবাগে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব পড়েছে, যা স্বাস্থ্যসেবাকেও প্রভাবিত করতে পারে। তিনি বলেন, হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি), আইসিইউ, সিসিইউ, বেবি কেয়ার ইউনিট এবং লেবার রুমে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, এসব গুরুত্বপূর্ণ সেবায় বিঘ্ন এড়াতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কাছে প্রয়োজনীয় জ্বালানির অতিরিক্ত মজুত চাওয়া হয়েছে। একইসঙ্গে হাসপাতাল পর্যায়ে ডিজেল মজুত বাড়িয়ে জেনারেটর সচল রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, বিদ্যুৎ বিভ্রাট হলে বিকল্প ব্যবস্থায় যেন দ্রুত সরবরাহ নিশ্চিত করা যায়, সে জন্য হাসপাতালগুলোতে দুটি পৃথক বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা রাখা হচ্ছে। যাতে একটি লাইনে সমস্যা হলে অন্য লাইনের মাধ্যমে অন্তত গুরুত্বপূর্ণ পাঁচটি সেবা ইউনিটে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা যায়।

তিনি আরও বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় হাসপাতালগুলোতে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা হচ্ছে, যাতে জেনারেটরের ওপর অতিরিক্ত নির্ভরতা কমে আসে।

হিলিয়াম গ্যাস নিয়ে কোনো সংকট নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, পর্যাপ্ত মজুত রয়েছে এবং ভবিষ্যৎ চাহিদা পূরণে বিকল্প মাধ্যমে আমদানির প্রস্তুতিও নেওয়া হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ