জামালপুরের মাদারগঞ্জে স্বামীর সামনে এক গৃহবধূকে শ্লীলতাহানি ও দম্পতিকে জিম্মি করে টাকা-মোবাইল ছিনতাইয়ের ঘটনায় জুলাই যোদ্ধা সাইফুল ইসলাম সামীসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঘটনা ঘটে সোমবার রাতে মাদারগঞ্জ পৌর এলাকার খরকা বিল সংলগ্ন এলাকায়। ভুক্তভোগী দম্পতি রাতেই মাদারগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী অনন্ত রবিদাস জানান, তিনি স্ত্রীকে নিয়ে বালিজুড়ি ঈদ মেলা দেখতে যাচ্ছিলেন। পথে কয়েকজন কিশোর তাদের গতিরোধ করে। পরে আরও ১০-১২ জন কিশোর সেখানে যোগ দেয়। তারা দেশীয় অস্ত্র দেখিয়ে দম্পতিকে জিম্মি করে এবং স্ত্রীকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা চালায়। বাধা দেওয়ায় স্ত্রীকে শ্লীলতাহানি করা হয় এবং তাকে মারধর করা হয়। পরে আশপাশের লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালায়।
ঘটনার সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। পুলিশের অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের আহমেদ বলেন, “এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

