বৃহস্পতিবার

২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

২৫ মার্চ: ভয়াল কালরাতের স্মরণে গণহত্যা দিবস ২০২৬ পালিত

🕙 প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৬ । ৬:৩৮ পূর্বাহ্ণ

আজ ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী সারা দেশে নিরস্ত্র বাঙালিদের ওপর বর্বর হামলা চালিয়ে ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, যশোর, রংপুর, সৈয়দপুর ও সিলেটের শহর ও গ্রামগুলোকে শোকের অন্ধকারে ঢেকে দিয়েছিল। ঢাকায় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগ পুলিশ লাইনসহ বিভিন্ন স্থানে একযোগে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে শত শত মানুষকে হত্যা করেছিল।

সেদিন মধ্যরাতে শুরু হওয়া এই অভিযানকে পাকিস্তানি সেনারা ‘অপারেশন সার্চলাইট’ নাম দিয়েছিল। এই পরিকল্পনার খসড়া লেখা হয়েছিল হালকা নীল কাগজে কাঠপেনসিল দিয়ে, যাতে প্রমাণ হিসাবে সংরক্ষণ করা সম্ভব না হয়। হামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অধ্যাপকসহ অসংখ্য বেসামরিক নাগরিক নিহত হয়। মার্কিন সাংবাদিক রবার্ট পেইন সেই রাতের ভয়াল চিত্র তুলে ধরে উল্লেখ করেন, ঢাকার রাস্তায় ছড়িয়ে থাকা মৃতদেহগুলো কাক-শেয়ালের খাবারে পরিণত হয়েছিল।

প্রেসিডেন্ট ইয়াহিয়া খান গোপনে ঢাকা ছেড়ে করাচি চলে যাওয়ার পর পাকিস্তানি বাহিনী শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে। পরের দিন চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। এরপর ৯ মাসের সশস্ত্র যুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়।

২০২৬ সালে এ দিবস পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তবে ২৫ মার্চ রাতের এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাকআউট’ এই বছর পালন করা হচ্ছে না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন এবং সরকারি, আধাসরকারি ও বেসরকারি ভবন-স্থাপনায় আলোকসজ্জাও নিষিদ্ধ করা হয়েছে।

আন্তর্জাতিকভাবে ১৯৭১ সালের গণহত্যার স্বীকৃতি চাওয়ার প্রস্তাব গত ২০ মার্চ মার্কিন প্রতিনিধি পরিষদে উত্থাপন করা হয়েছে। প্রস্তাবে পাকিস্তানি বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞ, ধর্ষণ ও বাস্তুচ্যুতির কথা উল্লেখ করে অপরাধীদের জবাবদিহি ও ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষার আহ্বান জানানো হয়েছে।

এদিকে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেড় যুগেরও বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাওয়া কুচকাওয়াজে অংশ নেবে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্যারেডে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদুল হক।

২৫ মার্চের ভয়াল স্মৃতি ও শহীদদের অবদান স্মরণ করে দেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ