দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি পর্যালোচনা এবং সম্ভাব্য সংকট মোকাবিলার জন্য এক উচ্চপর্যায়ের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকালে ঢাকা সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হয়।
সূত্র জানায়, প্রধানমন্ত্রী সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে এসে কিছু দাপ্তরিক কাজ সারেন। পরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করেন। এরপর মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয়’ বিষয়ে বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে আলোচিত হয়েছে, বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার কিছু দিন পর ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের সূত্রপাত নতুন প্রশাসনের সামনে বিশাল অনিশ্চয়তা এবং চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে অস্থিরতা দেখা দিয়েছে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যসহ অন্যান্য ক্ষেত্রে সংকটের সম্ভাবনা তৈরি হয়েছে, যা নবগঠিত সরকারের জন্য গভীর উদ্বেগের বিষয়।
আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব কতদূর বিস্তৃত হবে তা নিয়ে বিশেষজ্ঞরা এখনো নিশ্চিত নন। এই জটিল পরিস্থিতি মোকাবিলায় সরকারের প্রস্তুতি ও কর্মপরিকল্পনা নির্ধারণের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ে জরুরি বৈঠক আয়োজন করেন।

