মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত আলোচনা সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী বুধবার (২৫ মার্চ) অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত তা পিছিয়ে আগামী শুক্রবার (২৭ মার্চ) নির্ধারণ করা হয়েছে।
দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, একই ভেন্যু রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এবং একই সময় অর্থাৎ দুপুর আড়াইটায় সভাটি অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ের জাতীয় নেতা ও বিশিষ্ট বুদ্ধিজীবীরা বক্তব্য রাখবেন বলে জানানো হয়েছে। বিএনপির পক্ষ থেকে অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

