মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ মার্চ) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই ডাকটিকিট উন্মোচন করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৯টা ২ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান এবং দাপ্তরিক কিছু জরুরি কাজ সম্পন্ন করার পর সকাল সাড়ে ৯টায় স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে, আজ বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাধারণত প্রতি বৃহস্পতিবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হলেও, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বৈঠকটি একদিন এগিয়ে আনা হয়েছে।
উল্লেখ্য, ২০০৮ সালের পর দীর্ঘ প্রায় দেড় যুগ পর এবার ভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে দেশব্যাপী স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রায় ১৮ বছর পর জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হবে।

