খুলনার লবণচরা থানার কৃষ্ণনগর ঠিকারবাদ এলাকায় বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর সাড়ে ৬টায় পরকীয়ার জের ধরে দুর্বৃত্তরা একই পরিবারের চার জনকে গুলি করেছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে।
ঘটনায় গুলিবিদ্ধরা হলেন— কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম ও ছেলের স্ত্রী ফাহিমা আক্তার। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ইমরান নামের এক ব্যক্তি প্রতিশোধের উদ্দেশ্যে এই হামলা চালায়। হামলার সঙ্গে মোট ৬ জন জড়িত বলে পুলিশ জানিয়েছে।
লবণচরা থানার ওসি মো. তুহিনুজ্জামান জানান, রঞ্জুয়ারা বেগম ও ফাহিমা আক্তারের বুকে ও পায়ে গুলি থাকার কারণে তাদের ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

