ভোলার লালমোহনে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে সংঘর্ষে মৎস্য রক্ষা অভিযানে থাকা একটি স্পিডবোট উল্টে গিয়ে এক পুলিশ কনস্টেবল নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন, যাদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) রাত ৮টার দিকে লালমোহনের মঙ্গলসিকদার লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ পুলিশ কনস্টেবল মো. ফখরুল ইসলাম মঙ্গলসিকদার পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
জানা গেছে, ঈদ উপলক্ষে যাত্রী নিয়ে ঢাকা থেকে চরফ্যাশনের বেতুয়া ঘাটগামী এমভি কর্ণফুলী-১২ লঞ্চটি সন্ধ্যা ৭টার দিকে মঙ্গলসিকদার লঞ্চঘাটে পৌঁছে। একই সময়ে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মার্চ-এপ্রিল মাসে মাছ ধরা নিষেধাজ্ঞা বাস্তবায়ন তদারকিতে উপজেলা মৎস্য দপ্তরের তিন সদস্য ও পুলিশের তিন কনস্টেবল একটি স্পিডবোটে অভিযান চালাচ্ছিলেন।
অভিযান দলে ছিলেন মৎস্য অফিসের অফিস সহকারী আব্বাছ উদ্দিন, ক্ষেত্র সহকারী মনোয়ার হোসেন ও সাইফুল ইসলাম সোহাগসহ তিনজন পুলিশ সদস্য। এ সময় ঘাটে ভেড়ানোর মুহূর্তে লঞ্চটির পেছনের প্রপেলারের সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়।
দুর্ঘটনার পর পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও পুলিশ কনস্টেবল ফখরুল ইসলাম নিখোঁজ হন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, স্পিডবোটটির ইঞ্জিন মাঝনদীতে বন্ধ হয়ে গেলে স্রোতের টানে সেটি লঞ্চের দিকে চলে যায় এবং ধাক্কা লাগে। এক পর্যায়ে বোটটি লঞ্চের নিচে ঢুকে উল্টে যায়।
ঘটনার পর কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি অভিযান চালাচ্ছে। নিখোঁজ পুলিশ সদস্যকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

