বুধবার

১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মা সেতুতে বাড়ছে যানবাহনের চাপ, তবু স্বস্তিতে ঈদযাত্রা

🕙 প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬ । ৫:৪৪ পূর্বাহ্ণ

ঈদকে সামনে রেখে পদ্মা সেতু এলাকায় যানবাহনের চাপ বাড়লেও এখনো কোনো দীর্ঘস্থায়ী যানজটের সৃষ্টি হয়নি। ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ে ব্যবহার করে সেতু পার হয়ে ঘরমুখো মানুষ নির্বিঘ্নেই গন্তব্যে পৌঁছাচ্ছেন।

বুধবার (১৮ মার্চ) সকালে পদ্মা সেতুর উত্তর থানা সংলগ্ন এলাকায় দেখা যায়, ভোর থেকেই যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। টোল প্লাজায় মাঝে মাঝে সাময়িক জটলা তৈরি হলেও তা দ্রুতই কেটে যাচ্ছে। এ সময় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের উপস্থিতি তুলনামূলক বেশি লক্ষ্য করা গেছে।

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, সেতু এলাকায় যানবাহনের সংকটও রয়েছে। ফলে অনেক যাত্রী বাধ্য হয়ে বিকল্প উপায়ে যাত্রা করছেন। সকালে যাত্রীদের ২০০ টাকা ভাড়ায় খোলা ট্রাকে করে বরিশালের উদ্দেশে যেতে দেখা গেছে।

পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী (টোল) মো. নাবিল হোসেন জানান, যানবাহনের চাপ থাকলেও কোথাও স্থায়ী যানজট নেই এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৩৮ হাজার ৫৫৭টি যানবাহন পারাপার হয়েছে, এ সময় টোল আদায় হয়েছে ৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার ৯০০ টাকা।

সংশ্লিষ্টরা মনে করছেন, ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে যাত্রীচাপ আরও বাড়তে পারে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ