স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাত্রা শুরু করলেও সেই পথই হয়ে উঠল মৃত্যুর মিছিল। বগুড়ার শেরপুরে একটি যাত্রীবাহী মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত নয়জন।
বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫) এবং মাইক্রোবাসের চালক রিন্টু (৪৭)। আহতদের মধ্যে নারী ও শিশুসহ কয়েকজন রয়েছেন, যাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি মাইক্রোবাস ঈদের ছুটিতে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ছোনকা এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই গাড়িতে আগুন ধরে যায় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে অনেক যাত্রীর বের হওয়ার সুযোগ হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পরপরই গাড়িটি আগুনে পুড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক রিন্টু নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রোকন উদ্দিন জানান, দুর্ঘটনায় মোট তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

