মঙ্গলবার

১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ভাড়া বেশি নেওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেবে র‌্যাব

🕙 প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬ । ১১:০৩ পূর্বাহ্ণ

ঈদে ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র‍্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান।
তিনি বলেন, ‘সদরঘাট লঞ্চ টার্মিনাল ও সায়েদাবাদ বাস টার্মিনালে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। কোনো যাত্রী যদি কোনো প্রকারের হয়রানির শিকার হয়, যদি তাদের কাছ থেকে বেশি টাকা আদায় করা হচ্ছে টিকিটের মূল্য হিসেবে, তাহলে তারা আমাদের কন্ট্রোল রুমে অভিযোগ করবেন। আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব।’

আজ মঙ্গলবার সকালে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

কামরুজ্জামান জানান, অপরাধ দমন করে ঈদযাত্রা স্বস্তির করতে র‌্যাব কাজ করছে।
এ বছর ঈদকে কেন্দ্র করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো—সদরঘাট, সায়েদাবাদ, শ্যামপুর, সূত্রাপুর, ডেমরায় নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের ৩২টি টিম কাজ করবে। পাশাপাশি ছয়টি সিভিল টিমও থাকবে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য,’ জানান এই র‌্যাব কর্মকর্তা।

ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় ছিনতাইয়ের মতো অপরাধ দমনে র‌্যাব কী উদ্যোগ নিয়েছে জানতে চাইলে কামরুজ্জামান বলেন, ‘এই সময় বাসা-বাড়িতে চুরির মতো অপরাধ বেড়ে যায়। বিষয়টি বিবেচনা করে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে রাত-দিন ২৪ ঘণ্টা, বিশেষ করে রাতে আমাদের তৎপরতা অনেক বেশি থাকবে। খালি যেন বাসাগুলোতে চুরি না হয়, সেই বিষয়টি আমরা অত্যধিক গুরুত্ব সহকারে দেখব।’

হয়রানির শিকার হয়ে কন্ট্রোল রুমে ফোন করে অভিযোগ জানালেও র‌্যাব সহায়তা দেবে বলে জানান তিনি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ