দেশজুড়ে আলোচিত ‘খেজুর ইস্যু’ নিয়ে মুখ খুলেছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই খেজুর বণ্টনের তালিকা প্রকাশ করা হবে।
শনিবার (১৪ মার্চ) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি। পোস্টে অলিউল্লাহ লিখেছেন, ‘অচিরেই খেজুর বণ্টনের তালিকা প্রকাশ করা হবে। যারা না জেনে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছেন, বুঝে-শুনে লেখালেখি করা দরকার ছিল। নতুবা এ ব্যাপারে আমার কাছে জিজ্ঞেস করা দরকার ছিল। না জেনে মন্তব্য করা ঠিক হয়নি।’
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে বিভিন্ন অভিযোগমূলক পোস্ট ছড়িয়ে পড়ে। কিছু আইডি থেকে দাবি করা হয়, তার এলাকার জন্য বরাদ্দকৃত খেজুর তিনি ‘আত্মসাৎ করেছেন’। এসব অভিযোগের প্রেক্ষিতেই তিনি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন।
জানা গেছে, সৌদি আরবের ‘কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’-এর পক্ষ থেকে বাংলাদেশকে উপহার হিসেবে মোট ১২ হাজার ৫০০ কার্টন খেজুর দেওয়া হয়। পরে সংশোধিত বরাদ্দে তা ১২ হাজার ২৫০ কার্টনে নির্ধারণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর গত ১ মার্চ এসব খেজুর জেলা প্রশাসকদের মাধ্যমে জেলাভিত্তিক বণ্টনের জন্য পাঠায়।
প্রথমদিকে ঢাকায় মাস্তুল ফাউন্ডেশনকে ১৮৫ কার্টন, ঢাকাস্থ সৌদি দূতাবাসকে ৫০ কার্টন এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে ১৫ কার্টন খেজুর বরাদ্দ দেওয়া হলেও পরবর্তী সংশোধিত আদেশে এসব বরাদ্দ বাতিল করা হয়। এতে বিভিন্ন জেলায় খেজুরের কার্টনের সংখ্যা কিছুটা কম-বেশি হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, জেলার জনসংখ্যা ও ইউনিয়নের আনুপাতিক হারে খেজুর বরাদ্দ নির্ধারণ করা হয়েছে এবং জেলা প্রশাসকদের মাধ্যমে তা বিতরণ করা হবে।
সর্বশেষ বরাদ্দ অনুযায়ী, বিভিন্ন জেলায় নির্দিষ্ট সংখ্যক কার্টন খেজুর পাঠানো হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম ও কুমিল্লা জেলায় সর্বোচ্চ ৫০০ কার্টন করে খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, বগুড়া, দিনাজপুর, সিলেটসহ দেশের প্রায় সব জেলায় এই খেজুর বণ্টনের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে খেজুর বিতরণ নিয়ে সামাজিক মাধ্যমে চলমান বিতর্কের মধ্যে এমপি অলিউল্লাহর পক্ষ থেকে বণ্টন তালিকা প্রকাশের ঘোষণা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, তালিকা প্রকাশ হলে বিষয়টি নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি অনেকটাই দূর হতে পারে।

