মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় এতিম ও নয়া ডিঙ্গি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন।
শনিবার বিকেলে উপজেলার নয়া ডিঙ্গি হাফিজিয়া মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে মাদ্রাসার হেফজ ও মক্তব শাখার সাধারণ এবং এতিম শিক্ষার্থীরা অংশ নেয়।
ইফতারের আগে উপস্থিত সবার কল্যাণ ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম মুফতি মাওলানা মাসুদুর রহমান
এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া অফিসার ক্লাবের সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. খলিলুর রহমান, সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হাসান ফয়জী, সাংবাদিক লুৎফর রহমান, ধানকোড়া গিরিশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল বাশারসহ মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ইফতার মাহফিলে ইউএনও মো. ইকবাল হোসেন বলেন, সমাজের এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। পবিত্র রমজানে তাদের সঙ্গে ইফতার করতে পেরে তিনি আনন্দ প্রকাশ করেন।

