শনিবার

১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জা আব্বাসের সফল দ্বিতীয় অস্ত্রোপচার; দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা মির্জা ফখরুলের

🕙 প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬ । ৯:০৩ পূর্বাহ্ণ

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ মার্চ) ভোরে চিকিৎসকরা অস্ত্রোপচার সফল হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীর কাছে প্রবীণ রাজনীতিবিদ মির্জা আব্বাসের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। তিনি বলেন, ‘আপনাদের দোয়ায় বরেণ্য রাজনীতিবিদ মির্জা আব্বাস এমপি’র দুটো অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আব্বাস ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।’

শুক্রবার (১৩ মার্চ) রাতে শারীরিক অবস্থার অবনতি হলে দেশে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়ার কথাও ছিল। প্রথম দফার অস্ত্রোপচার বিকেল ৩টার পর শুরু হয়ে সন্ধ্যার আগেই শেষ হয়। পরিস্থিতি অনুযায়ী দ্বিতীয় দফার অস্ত্রোপচারও পরে সম্পন্ন করা হয়।

অপরদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার জুমার নামাজের পর এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের চিকিৎসা বিষয়ে খোঁজখবর নেন। একই দিনে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দও হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন।

মির্জা আব্বাস গত বুধবার রাতেই হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান এবং এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। তার সুচিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডে উপস্থিত ছিলেন অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ এবং অধ্যাপক শফিকুল ইসলামসহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ