মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ডুবে যাওয়া লরিটি অবশেষে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে বিআইডব্লিউটিএ উদ্ধারকারী জাহাজ হামজা দিয়ে দীর্ঘ ১৬ ঘণ্টা চেষ্টার পর লরিটি পাটুরিয়া পাঁচ নম্বর ফেরিঘাট থেকে উদ্ধার করা হয়। লরিতে থাকা ২৪ হাজার লিটার পাম্প ওয়েল সুরক্ষিত আছে বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছে। এ বিষয়ে লরির মালিক পক্ষের সঙ্গে কথা বলে তেল হস্তান্তর করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে পাটুরিয়া পাঁচ নম্বর ফেরি ঘাটে ফেরি থেকে নামতে গিয়ে ড্রাইভেশনের উচু ঢালুতে ব্রেক ফেল করে পেছন দিক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ডুবে যায় লরিটি। পরে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা দীর্ঘ ১৬ ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করে আজ বৃহস্পতিবার দুপুরের দিকে লরিটি উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় লরির চালক ও হেলপার সামান্য আহত হলেও তাদের জীবিত উদ্ধার করতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা। উদ্ধারকারী হামজার কর্তপক্ষ লরিতে থাকা তেল নষ্ট হয়নি বলে নিশ্চিত করেছেন।
বিআইডব্লিউটিএ যুগ্ম পরিচালক আশরাফুল উদ্দিন কালের কণ্ঠকে বলেন, দীর্ঘ ১৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে পদ্মায় ডুবে যাওয়া লরিটিকে উদ্ধার র্যাকার দিয়ে টেনে তুলতে সক্ষম হয়েছে। বিআইডব্লুটিএর উদ্ধারকারী জাহাজ হামজার তিনজন ডুবুরিসহ ১৬ সদস্যের টিমের অক্লান্ত চেষ্টা আজ দুপুরে ট্রাকটি উদ্ধার করতে সক্ষম হয়েছে।
তিনি আরো বলেন, ‘ট্রাকের মালিকদের সঙ্গে যোগাযোগ করে লরিটি হস্তান্তরের পক্রিয়াধীন রয়েছে। এদিকে লরিতে থাকা ২৪ হাজার লিটার পাম্প ওয়েল লরিতে সুরক্ষিত থাকায় তেমন ক্ষতিগ্রস্ত হয়নি।

