বৃহস্পতিবার

১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা–আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু

🕙 প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬ । ১১:০৫ পূর্বাহ্ণ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–আরিচা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটুরিয়া দিক থেকে ঢাকার উদ্দেশে একটি পরিবহন গাড়ি আসছিল। এ সময় একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-অ-১১-৪০৫৫) বেপরোয়া গতিতে ওই গাড়িটিকে অতিক্রম করার চেষ্টা করে। ঠিক তখনই ঢাকার দিক থেকে পাটুরিয়ার দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-৩৯-৫২৫৪)। সংকীর্ণ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহনগুলোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মোনায়েম খান (৪০), সাং চালাবন, মাটির মসজিদ, দক্ষিণখান, ঢাকা গুরুতর আহত হন। মোটরসাইকেলের পেছনে বসা তার স্ত্রী জোসনা আক্তারও মারাত্মকভাবে আহত হন।
স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেয়। এ সময় হাসপাতালে নেওয়ার পথেই মোটরসাইকেল চালক মোনায়েম খান মারা যান। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী জোসনা আক্তারকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

দুর্ঘটনার পর পুলিশ ক্ষতিগ্রস্ত যানবাহন দুটি উদ্ধার করে হেফাজতে নেয়। এ ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

বরংগাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ