বৃহস্পতিবার

১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তোলাই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

🕙 প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬ । ৯:৪২ পূর্বাহ্ণ

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের প্রথম অধিবেশনে স্পিকার প্রস্তাবনার সময় তিনি এ কথা জানান।

সংসদনেতা তারেক রহমান বলেন, “প্রধানমন্ত্রী হিসেবে আমি দল-মত, ধর্ম বা বর্ণ নির্বিশেষে দেশের জনগণের প্রতিনিধিত্ব করছি। আমার রাজনীতি দেশ ও জনগণের স্বার্থ রক্ষা করার রাজনীতি। এই লক্ষ্য অর্জনের জন্য আমি গণতান্ত্রিক জনগণের সমর্থন ও সহযোগিতা চাই। এই মহান সংসদে সকল দলের নির্বাচিত সংসদ সদস্যের সহযোগিতাও কাম্য।”

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের দল, মত বা কর্মসূচি ভিন্ন হতে পারে, কিন্তু তাঁবেদারমুক্ত, ফ্যাসিবাদমুক্ত, স্বাধীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়ায় আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। বিরোধ নেই।”

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণ করে তিনি বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। কিন্তু তা প্রহসনের রূপ দিয়ে জাতীয় সংসদকে হাস্যরসের খোরাকে পরিণত করা হয়েছিল। দেশের সংসদীয় গণতন্ত্র এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য তিনি জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করেছেন। কখনোই স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে আপস করেননি।”

তিনি আরও বলেন, “বিএনপির রাজনীতি জনগণের জীবনমান উন্নয়ন এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার রাজনীতি। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করার মাধ্যমেই আমরা একটি স্বনির্ভর, সমৃদ্ধ ও নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই।”

নতুন সরকারের কার্যক্রম শুরুতে স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী ও তাঁবেদারি শাসনের কারণে সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারদের খুঁজে পাওয়া যায়নি। কেউ কারাগারে, কেউ নিখোঁজ, কেউ পলাতক। তবে আজ নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে জাতীয় সংসদ কার্যক্রম শুরু হচ্ছে।”

তিনি বলেন, “আমরা জাতীয় সংসদকে সব যুক্তি-তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে চাই, যা বিতাড়িত ফ্যাসিস্ট সরকার করতে ব্যর্থ হয়েছিল।”

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ