শনিবার

১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আজ, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বিতর্কে সরকার-বিরোধী দল

🕙 প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬ । ৫:১৬ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ বৃহস্পতিবার। অধিবেশনের শুরুতেই রাষ্ট্রপতির ভাষণকে ঘিরে সরকারি দল ও বিরোধীদলের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে।

সরকারি দল বিএনপি বলছে, সংসদের প্রচলিত প্রথা অনুযায়ী প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন। তবে বিরোধীদলীয় নেতারা এ বিষয়ে আপত্তি জানিয়ে বলেছেন, বর্তমান রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার কোনো সাংবিধানিক অধিকার নেই।

বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। তিনি প্রশ্ন তুলে বলেন, বিএনপি কেন এই উদ্যোগ নিচ্ছে তা বোধগম্য নয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংসদে সরকারি দল বিএনপিকে আগে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ নিশ্চিত করতে হবে এবং পুরনো রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে।

তবে সংসদে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রতিশ্রুতি দিয়েছে জামায়াতে ইসলামী। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত একটি দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা পালন করবে। সব বিষয়ে অযথা বিরোধিতা করা হবে না, আবার না বুঝে সমর্থনও দেওয়া হবে না। বাধ্য না হলে কোনো বিষয় আদালতে নেওয়ারও প্রয়োজন হবে না।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে কার্যকর সংসদের অভাব দেশবাসী অনুভব করেছে। একতরফা সরকার, দুর্বল বিরোধী দল এবং বিতর্কিত নির্বাচনের কারণে জাতীয় সংসদ প্রায় অকার্যকর হয়ে পড়েছিল।

তবে সাম্প্রতিক গণ-অভ্যুত্থানের পর ক্ষমতার পালাবদলের মধ্য দিয়ে নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে সংসদীয় রাজনীতি। এবারের সংসদে নেতৃত্ব দিচ্ছে অভিজ্ঞ দল বিএনপি এবং প্রথমবারের মতো বিরোধী দলের ভূমিকায় রয়েছে জামায়াতে ইসলামী ও ছাত্র নেতৃত্বে গঠিত দল এনসিপি।

সংশ্লিষ্টদের আশা, ত্রয়োদশ জাতীয় সংসদ হবে আরও প্রাণবন্ত ও কার্যকর। সংসদ সদস্যরা জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় নতুন মাইলফলক স্থাপন করবেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ