বুধবার

১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রামুর রাবার বাগানে অটোচালকের মরদেহ উদ্ধার, নিখোঁজের ১২ ঘণ্টা পর শনাক্ত

🕙 প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬ । ৮:১০ পূর্বাহ্ণ

কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকার একটি রাবার বাগানের গহীন জঙ্গল থেকে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে পাহাড়ি ঝিরির পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

প্রথমদিকে মরদেহটি অজ্ঞাত হিসেবে শনাক্ত করা হয়েছিল। তবে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্বজনরা বিষয়টি জানতে পারেন। পরে তারা রামু থানায় গিয়ে মরদেহটি শনাক্ত করেন বলে জানিয়েছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া।

নিহত শামসুল আলম (৫৩) কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকার বাসিন্দা। তিনি দুই মেয়ে ও দুই ছেলের জনক এবং পেশায় একজন অটোচালক ছিলেন।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর প্রায় ২টার দিকে স্থানীয় বাসিন্দা আব্দুল গফুরের স্ত্রী কাঠ সংগ্রহ করতে রাবার বাগানের ভেতরে গেলে পাহাড়ি ঝিরির মাঝখানে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি আতঙ্কিত হয়ে বাড়িতে ফিরে স্বামীকে বিষয়টি জানান। এরপর আব্দুল গফুর স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

নিহতের পরিবার জানিয়েছে, সোমবার রাত পর্যন্ত শামসুল আলম অটো চালাচ্ছিলেন। তাদের ধারণা, রাতের কোনো এক সময় তাকে তার অটোসহ অপহরণ করে হত্যা করা হয়েছে।

রামু থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ