শুক্রবার

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে তেল নেওয়ার সিরিয়াল নিয়ে সংঘর্ষ, পাম্পকর্মীকে ছুরিকাঘাত; ধর্মঘটে মালিকরা

🕙 প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬ । ৬:১৮ পূর্বাহ্ণ

সিলেট নগরীতে পেট্রোল পাম্পে তেল নেওয়ার সিরিয়ালকে কেন্দ্র করে এক কর্মচারীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে সিএনজি রিফুয়েলিং ও পেট্রোল পাম্প মালিকেরা ধর্মঘটের ডাক দিয়েছেন।

সোমবার (৯ মার্চ) ইফতারের আগে নগরীর চৌকিদেখী এলাকার মেসার্স উত্তরা পেট্রোলিয়াম পাম্পে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ইফতারের প্রায় ১৫ থেকে ২০ মিনিট আগে এক গ্রাহক পাম্পে তেল নিতে এসে সিরিয়াল ভেঙে তেল নেওয়ার চেষ্টা করেন। এ সময় পাম্পের কর্মচারীরা তাকে লাইনে দাঁড়াতে বললে তাদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে ওই ব্যক্তি সেখান থেকে চলে যান।

তবে ইফতারের দুই মিনিট আগে তিনি আবার পাম্পে ফিরে এসে কর্মচারী মিঠু গোয়ালাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত মিঠু গোয়ালা মালিনীছড়া চা-বাগানের বিজয় গোয়ালার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) সৌমেন মৈত্র বলেন, তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে এক গ্রাহক পাম্প কর্মীকে ছুরিকাঘাত করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। তাকে দ্রুত আটক করে আইনের আওতায় আনা হবে।

মেসার্স উত্তরা পেট্রোলিয়ামের ম্যানেজার মারুফ আহমদ চৌধুরী জানান, এক গ্রাহককে সিরিয়াল মেনে তেল নিতে বলা হলে তিনি তা অমান্য করে কর্মচারীদের সঙ্গে তর্কে জড়ান। কিছুক্ষণ পর তিনি আবার ফিরে এসে এক কর্মচারীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

এদিকে সাম্প্রতিক সময়ে সিলেটের কয়েকটি পেট্রোল পাম্পে অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছেন সিএনজি রিফুয়েলিং ও পেট্রোল পাম্প মালিকেরা। সোমবার রাত থেকে এই ধর্মঘট শুরু হয়েছে।

সিএনজি রিফুয়েলিং ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেটের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ বলেন, তেল সংকটের কারণে গ্রাহকদের চাহিদা পূরণ করা যাচ্ছে না। এতে বিভিন্ন পাম্পে হামলা, ভাঙচুর ও কর্মচারীদের মারধরের মতো ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত না হলে পাম্প চালু রাখা সম্ভব নয়।

তাদের দাবি, মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ২টার মধ্যে পাম্পে হামলাকারীদের গ্রেপ্তার এবং ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ নিশ্চিত করতে হবে। অন্যথায় ধর্মঘট অব্যাহত থাকবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ