সোমবার

৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র: কাতার, সৌদি, বাহরাইন ও আমিরাতে ইরানের হামলা

🕙 প্রকাশিত : ৯ মার্চ, ২০২৬ । ৮:৪৪ পূর্বাহ্ণ

মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান সংঘাত দশম দিনে গড়িয়েছে। সোমবার (৯ মার্চ) পর্যন্ত চলা এই সংঘাতে ইরানে নিহতের সংখ্যা এক হাজার ২০০ ছাড়িয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। এছাড়া আহত হয়েছেন শত শত মানুষ।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলার জেরে পাল্টা জবাব হিসেবে ইরানও হামলা জোরদার করেছে। শুধু ইসরায়েলই নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করছে তেহরান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি বাহিনী নতুন করে কাতার, বাহরাইন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের দিকে হামলা চালিয়েছে। প্রায় চার ঘণ্টা আগে কাতারের দিকে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তবে কাতার কর্তৃপক্ষ দাবি করেছে, এসব মিসাইল আকাশেই ভূপাতিত করা হয়েছে। আল জাজিরার সাংবাদিকরা জানিয়েছেন, দোহার আকাশে অন্তত ১২টি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এদিকে বাহরাইন জানিয়েছে, সিত্রা এলাকায় ইরানি ড্রোন হামলায় অন্তত ৩২ জন আহত হয়েছেন। অন্যদিকে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শেবাহ তেলক্ষেত্র লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয়। তবে সেগুলো প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়েছে এবং হামলার সময় তেলক্ষেত্রটি খালি ছিল বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সৌদি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, রাজধানী রিয়াদের উত্তরে দুটি ড্রোন ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরান হামলা বন্ধ না করলে যুক্তরাষ্ট্রকে আক্রমণ চালানোর জন্য সৌদি ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হতে পারে।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতও ইরানের হামলা থেকে রেহাই পায়নি। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, একটি প্রজেক্টাইল ভূপাতিত করা হলেও তার ধ্বংসাবশেষ পড়ে ফুজাইরাহ এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মধ্যপ্রাচ্যে দ্রুত অবনতিশীল এই পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, সংঘাত দ্রুত থামানো না গেলে পুরো অঞ্চলজুড়ে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ