মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাটে গাড়ির চাকা হাওয়া মেশিনের সিলিন্ডার বিস্ফোরণে এক জন নিহত ও ৩ আহতের ঘটনা ঘটেছে। আজ শনিবার (৭ মার্চ) সকাল ১১টার দিকে আরিচা ফেরি টার্মিনালের ৩ নম্বর ঘাটের কাছে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ মল্লিক (৪৬) শিবালয় নতুন পাড়া গ্রামের ভাড়াটিয়া মৃত আনছার মল্লিকের ছেলে। ছোট বোন সাথী আক্তার দেশ রূপান্তরকে তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, তাকে পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
আহত স্থানীয় নবী হোসেনের ছেলে সাব্বির (১৬) ও পার্শ্ববর্তী ফেরি টিকিট কাউন্টারে কর্মরত জাহাঙ্গীর (৪৫) স্থানীয় চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নেন।
প্রত্যেক্ষর্শীরা জানান, বেলা ১১টার দিকে আক্কাস মেকারের চাকা হাওয়া দেয়ার মেশিন সিলিন্ডার বিস্ফোরিত হয়। সিলিন্ডারের নিকট অবস্থিত চা কোনের সামনে মোহাম্মদ মল্লিক চা পান করছিলেন। এমন সময় বিস্ফোরিত সিলিন্ডারের একাংশের আঘাতে সে গুরুত্বর আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে স্থানীয় উথলী সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে যাবার পথে তার মৃত্যু হয়।
পান দোকানী সাব্বির কানে মারাত্বক আঘাত প্রাপ্ত হয়। ছোট-বড় যন্ত্রাংশ ও টুকরার আঘাতে আশপাশের দোকানপাট ক্ষতিগ্রস্থ হয়।
স্থানীয় চা দোকান কর্মচারী কামাল জানান, সিল্ডিন্ডার বিস্ফোরণের সময় তিনি দোকানের পিছনে ছিলেন। প্রচন্ড আওয়াজের পর এগিয়ে এসে দেখেন মোহাম্মদ মল্লিকের দু-পায়ে প্রচন্ড আঘাত লাগায় মাটিতে পড়ে রয়েছে। স্থানীয় লোকজন এসে তাকে হাসপাতারে নেয়ার ব্যবস্থা করেন।
এদিকে, খবর পেয়ে মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, উপজেলা যুবদল আহবায়ক হোসেন আলী, শিবালয় থানা পুলিশ, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ফেরি সংস্থা বিআইডব্লিউটিসির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

