প্রান্তিক ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেছে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে এবং মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনায় আজ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের ভাটারা বাজারের পূর্ব পাশে বকুল তলায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এই মেডিকেল ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুসহ তিন হাজারের বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এছাড়া ইসিজি, ডায়াবেটিসসহ বিভিন্ন প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও রাখা হয়।
মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন বলেন,
“আজ আমরা অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ প্রদান করছি। একই সঙ্গে ইসিজি, ডায়াবেটিসসহ বিভিন্ন পরীক্ষা করা হচ্ছে। মেডিসিন, সার্জারি, গাইনি অ্যান্ড অবস্, অর্থোপেডিক্স, কার্ডিওলজি, নাক-কান-গলা, ডেন্টাল, চর্ম ও যৌন, চক্ষু এবং শিশু ও নবজাতক—এই মোট দশটি বিভাগের প্রায় ৩০ জন অভিজ্ঞ চিকিৎসক এবং শতাধিক বিভিন্ন স্তরের জনবল এই সেবায় সরাসরি সম্পৃক্ত রয়েছেন। অসহায় মানুষের পাশে থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া আমাদের অঙ্গীকার।

মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল করিম বলেন,
“বিনামূল্যে চিকিৎসা সেবার এই কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। ধারাবাহিকভাবে জেলার বিভিন্ন এলাকায় আমরা এই সেবা পৌঁছে দিতে চাই।”
কর্তৃপক্ষ আরও জানান, মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নেওয়া কোনো রোগীর যদি অস্ত্রোপচারের প্রয়োজন হয়, সে ক্ষেত্রে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন চার্জে ৩০ শতাংশ, প্যাথলজি পরীক্ষায় ৩৫ শতাংশ এবং সাধারণ বেড চার্জে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে।
দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ দেখা যায়। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে স্থানীয়রা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

