ভেনেজুয়েলার প্রেসিডেন্ট দম্পতিকে অপহরণের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ

🕙 প্রকাশিত : ৬ জানুয়ারি, ২০২৬ । ১০:৪৬ এএম

গত ৩ জানুয়ারি ২০২৬ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে অপহরণের ঘটনার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গণতান্ত্রিক যুক্তফ্রন্ট মানিকগঞ্জ জেলা কমিটির উদ্যোগে আজ মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটে খালপাড় সংলগ্ন শহীদ রফিক সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা বাজারের ব্রিজ সংলগ্ন মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি মানিকগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। সমাবেশ পরিচালনা করেন জেলা সিপিবি’র সহ-সাধারণ সম্পাদক আরশেদ আলী।সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ-৩ সংসদীয় আসনে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট মনোনীত মটরগাড়ি (কার) মার্কার প্রার্থী ও সাটুরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান আলী (সাজু মল্লিক)।
এছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ জাসদের মানিকগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ইমন চৌধুরী, জেলা সিপিবি’র নেতা আব্দুল মান্নান, সেতুয়ার রহমানসহ গণতান্ত্রিক যুক্তফ্রন্ট মানিকগঞ্জ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে অপহরণের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। তারা বলেন, ভেনেজুয়েলার সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে বিশ্বের মুক্তিকামী মানুষের মতো বাংলাদেশের জনগণও ভেনেজুয়েলার পাশে রয়েছে।
সমাবেশ থেকে মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ