বৃহস্পতিবার

৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সৈয়দপুরে বিএনপিতে যোগদান আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর

🕙 প্রকাশিত : ৫ জানুয়ারি, ২০২৬ । ৬:৪৮ পূর্বাহ্ণ

নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। আওয়ামী লীগ নেতা ও কামারপুকুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে তাঁরা জাতীয়তাবাদী দলে যোগদান করেন।
রোববার (৪ জানুয়ারি) রাতে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকারের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন তারা।
আনোয়ার হোসেন কামারপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতা-কর্মীরা বিএনপিতে যোগ দেন। যোগদান অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি কাজী একরামুল হক, সৈয়দপুর উপজেলা বিএনপির সভাপতি লোকমান হোসেনসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপিতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন কামারপুকুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাবু সরকার, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আবুল হাসেম সরকারসহ প্রতিটি ওয়ার্ডের উল্লেখযোগ্যসংখ্যক নেতা-কর্মী। স্থানীয় সূত্র জানায়, ওই ইউনিয়নের আওয়ামী লীগের অধিকাংশ নেতা-কর্মীই বিএনপিতে যোগ দিয়েছেন।
রোববার রাত সাড়ে ১০টার দিকে কামারপুকুর বাজারের একটি চালকল চত্বরে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত নেতা-কর্মীদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।
স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল, দলীয় বিভেদ ও দীর্ঘদিনের রাজনৈতিক নিষ্ক্রিয়তায় হতাশ হয়ে তাঁরা বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নেন। প্রায় ১৬ বছর ধরে আওয়ামী লীগের নেতৃত্ব ও রাজনৈতিক চর্চায় অসন্তোষ থেকেই এই দলবদল হয়েছে বলে দাবি তাঁদের।
বিএনপিতে যোগ দেওয়া ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন বলেন, স্থানীয় আওয়ামী লীগের কার্যক্রমে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল অনেক নেতা-কর্মীর মধ্যে। গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ের লক্ষ্যেই তাঁরা স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছেন। কোনো ধরনের চাপ বা ভয়ভীতি দেখানো হয়নি বলেও তিনি দাবি করেন।
এ বিষয়ে অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যানসহ প্রায় ৭০ জন নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। তাঁদের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী করবে।

সূত্র:ইত্তেফাক

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ