রবিবার

১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালির যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের যুবক, অবশেষে বাড়িতে এলো নৌকাডুবির খবর

🕙 প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২৫ । ৬:৫৯ পূর্বাহ্ণ

মাদারীপুর জেলার শিবচর উপজেলার কয়েকজন যুবক স্বপ্নের দেশ ইতালির উদ্দেশে লিবিয়া থেকে রওনা দেওয়ার পর নিখোঁজ রয়েছেন। এক মাস নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) খবর আসে, ভূমধ্যসাগরে নিখোঁজ ট্রলারটি ডুবে গেছে। নিখোঁজদের মধ্যে একজন নিশাত মাতুব্বর।
নিখোঁজদের মধ্যে নিশাত ছাড়াও রয়েছেন ফারহান খান রোমান (২৪), মুন্সীকান্দি এলাকার মুন্না এবং শিবচর পৌর এলাকার আরও দুই যুবক।
নিখোঁজ ট্রলারে বসে বিদেশ যাওয়ার চেষ্টা করেছিল আরও কয়েকজন যুবক। স্থানীয়রা জানান, কুদ্দুস নামের এক দালালের মাধ্যমে তারা লিবিয়া গিয়েছিলেন। নিশাত প্রথমে সৌদি আরব যান, ওমরাহ শেষে কুয়েত ও মিসর ঘুরে লিবিয়ায় পৌঁছান। পুরো যাত্রার জন্য ২২ লাখ টাকার চুক্তি করা হয়েছিল।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে নিশাতের বাড়িতে স্বজনদের আহাজারি দেখা গেছে। ছয় মাসের সন্তান কোলে নিয়ে স্ত্রীর মেহেনাজ নির্বাকভাবে বসেছিলেন। নিখোঁজ নিশাত হলেন বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সাবিনা বেগম ও আব্দুল লতিফ মাতুব্বর দম্পতির একমাত্র সন্তান।
নিশাতের মা বলেন, দালাল আরও ১০ লাখ টাকা চাইছে। আমরা সব টাকা অগ্রিম দিয়েছি। এখন ট্রলার ডুবে গেছে বলে জানানো হয়েছে, বেশির ভাগ নিখোঁজ। আমরা জানি না নিশাত বেঁচে আছেন কি না।
নিশাতের স্ত্রী মেহেনাজ বলেন, লিবিয়া যাওয়ার পর মোবাইল নিয়ে যায় দালাল। এরপর ১০ নভেম্বর ট্রলারে ওঠার পর আর কোনো যোগাযোগ হয়নি। বৃহস্পতিবার জানতে পারলাম ট্রলার ডুবে গেছে। আমরা নিশাতের কোনো খোঁজ পাইনি।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুল ইসলাম জানান, পূর্বেও লিবিয়ায় আটকে রেখে তিন যুবককে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। তবে এই নিখোঁজদের বিষয়ে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ