সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগে মানিকগঞ্জের ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ জিকোকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। একই সঙ্গে সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. শোয়েব হোসেন শান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীব সিদ্ধান্তটি অনুমোদন করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে খালিদ সাইফুল্লাহ জিকোকে সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা ছাত্রদলের নেতারা জানান, সংগঠনের শৃঙ্খলা ও সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো কর্মকাণ্ডের অভিযোগ উঠলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হতে পারে। জিকোর ক্ষেত্রেও সেই ধারাবাহিকতায় সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

