মাঝআকাশে অসুস্থ নারী যাত্রী, মাসকটে জরুরি অবতরণের পর মৃত্যু

🕙 প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৬ । ১২:৫৮ পিএম

সৌদি আরবের জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মাঝআকাশে অসুস্থ হয়ে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। পরিস্থিতি গুরুতর হওয়ায় ফ্লাইটটি ওমানের মাসকট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। পরে বিমানবন্দরের চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন।

বুধবার (২৬ আগস্ট) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটটি জেদ্দা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করার পর মাঝপথে ছানোয়ারা বেগম (৫৫) নামে এক নারী যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত নিকটবর্তী মাসকট আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটির জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। অবতরণের পর বিমানবন্দরের চিকিৎসকদের দ্রুত ডেকে আনা হয়। পরীক্ষা শেষে তারা ছানোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন।

তবে ওই যাত্রী ঠিক কী কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বা তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ কী, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত যাত্রীর মরদেহ স্বজনদের কাছে পৌঁছে দিতে ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করা হয়েছে।

এদিকে মাসকট বিমানবন্দরে জরুরি অবতরণের পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বিজি-১৩৬ ফ্লাইটটি আবার চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে এবং নির্ধারিত গন্তব্য শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ