দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন আরও ৭৩ জন।
বুধবার (২৬ আগস্ট) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৫১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু। ফলে হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৫১ জনে।
অন্যদিকে, গত একদিনে ১ হাজার ৯৮ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৩৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৫৭৩ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ২৮ হাজার ৭৬৫ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের বিস্তার রোধে টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করছেন।

